সিএমএসএমই খাতে ৫ হাজার কোটি টাকার চলতি মূলধন পুনঃঅর্থায়ন তহবিল থেকে স্বল্পসুদে ও সহজ শর্তে ঋণ বিতরণের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক ও এবি ব্যাংক পিএলসির মধ্যে অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের এ এন হামিদুল্লাহ কনফারেন্স কক্ষে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগের পরিচালক মো. জবদুল ইসলাম এবং এবি ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) জেড এম বাবর খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. আনিছুর রহমান। এ সময় বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক নাহিদ রহমান, অতিরিক্ত পরিচালক শাহানাজ পারভীন এবং এবি ব্যাংকের এসএমই বিভাগের প্রধান মো. আরিজুল ইসলাম মল্লিকসহ সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজের আওতায় সিএমএসএমই খাতে প্রয়োজনীয় চলতি মূলধন ঋণ বা বিনিয়োগ সরবরাহের মাধ্যমে প্রতিষ্ঠানগুলোর উৎপাদন, সেবা ও ব্যবসায়িক কার্যক্রম পূর্ণ সক্ষমতায় পরিচালনার সুযোগ তৈরি করাই এ তহবিলের মূল উদ্দেশ্য।
এ তহবিলের মাধ্যমে দেশে প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থান সৃষ্টি এবং মন্থর অর্থনীতির গতি বাড়ানোর লক্ষ্য রয়েছে। বিশেষ করে সচল থাকা সত্ত্বেও প্রয়োজনীয় চলতি মূলধনের অভাবে যারা পূর্ণ সক্ষমতায় উৎপাদন, সেবা বা ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করতে পারছে না, এমন সিএমএসএমই প্রতিষ্ঠান এ সুবিধার আওতায় আসবে।
তহবিলের আওতায় যোগ্য প্রতিষ্ঠানগুলো ৯ শতাংশ সুদে অর্থায়ন সুবিধা পাবে। সহজ শর্তে এ অর্থায়নের ফলে ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের ব্যবসা সম্প্রসারণ ও উৎপাদন বাড়ানোর সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।





