Homeসাভারে সোশ্যাল বিজনেস ডে ২০২৫ উদ্বোধন করলেন ড. মুহাম্মদ ইউনূস

সাভারে সোশ্যাল বিজনেস ডে ২০২৫ উদ্বোধন করলেন ড. মুহাম্মদ ইউনূস

শুক্রবার (২৭ জুন) সকালে সাভারের জিরাবোতে অবস্থিত সামাজিক কনভেনশন সেন্টারে দুই দিনব্যাপী ১৫তম সোশ্যাল বিজনেস ডে’র অনুষ্ঠান উদ্বোধন করা হয়েছে। এই বৈশ্বিক সম্মেলনে অংশ নেন নোবেল বিজয়ী, স্বাস্থ্য খাতের নেতা, তরুণ উদ্ভাবক, নীতিনির্ধারক, বিনিয়োগকারী এবং ৪০টিরও বেশি দেশের সোশ্যাল বিজনেস অগ্রদূতরা যারা সামাজিক ব্যবসা, স্বাস্থ্য ও উন্নয়ন খাতে নিজেদের অভিজ্ঞতা ও ধারণা তুলে ধরেছেন।

সোশ্যাল বিজনেস ডে-র এ বছরের প্রতিপাদ্য, ‘সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে সবচেয়ে কার্যকর পথ হলো সামাজিক ব্যবসা।’

অনুষ্ঠানের মূল প্রেরণাদায়ী বক্তব্য দেন নোবেল বিজয়ী অধ্যাপক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, যিনি বলেন:
“একটি ধারণা আরেকটি ধারণার জন্ম দেয়। আর যখন উদ্ভাবন হয় উদ্দেশ্য নিয়ে, তখন তা আনে স্থায়ী পরিবর্তন।

স্বাস্থ্যসেবা কখনোই মুনাফার পণ্য বা দানের বিষয় হওয়া উচিত নয়। এটিকে সংজ্ঞায়িত করতে হবে একটি সোশ্যাল বিজনেস হিসেবে—একটি উদ্দেশ্যনির্ভর, টেকসই মডেল, যা কাঠামোগত সমস্যার সমাধান করে এবং সবার জন্য স্বাস্থ্য নিশ্চিত করে।”
প্রধান উপদেষ্টা বলেন, “সামাজিক ব্যবসা শুধু বাংলাদেশ নয়, বরং পুরো বিশ্বকে বদলে দেওয়ার ক্ষমতা রাখে।”

মুহাম্মদ ইউনূস আরও বলেন, “পৃথিবীতে সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করার একমাত্র সঠিক পথ হলো সামাজিক ব্যবসা। এর মাধ্যমে স্বাস্থ্যসেবার চ্যালেঞ্জগুলো সফলভাবে মোকাবিলা করা সম্ভব।”

এবারের সম্মেলনে বিশ্বের ৩৮টি দেশ থেকে ১ হাজার ৪০০ জনের বেশি প্রতিনিধি অংশ নিয়েছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপদেষ্টা পরিষদের সদস্য, সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তা, বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিক ও বিদেশি অতিথিরা উপস্থিত ছিলেন।

অতিথি বক্তাদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন, প্রধান উপদেষ্টার স্বাস্থ্য ও পরিবার কল্যাণবিষয়ক সহকারি প্রফেসর মো. সাইদুর রহমান, মেডট্রনিকের সাবেক সিইও ও চেয়ারম্যান এবং ইন্টেল করপোরেশনের সাবেক বোর্ড চেয়ারম্যান ওমর ইশরাক, বিশ্বব্যাংকের সাবেক ভাইস প্রেসিডেন্ট ড. ইসমাইল সেরাজেল্ডিন, নরওয়ের সাবেক পরিবেশ ও জলবায়ুমন্ত্রী ও জাতিসংঘের পরিবেশবিষয়ক সাবেক নির্বাহী পরিচালক এরিক সোলহেইম।

এই আয়োজনে ছিল ৫টি পূর্ণাঙ্গ অধিবেশন ও ৮টি ব্রেকআউট সেশন— যেখানে আলোচনা হয় স্বাস্থ্যসেবা, শিক্ষা, প্রযুক্তি, পরিবেশ ও অর্থনৈতিক অন্তর্ভুক্তিকরণে সামাজিক ব্যবসার ভূমিকা ও সম্ভাবনা।

এ আয়োজনের ধারাবাহিকতায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় ২৯ জুন অনুষ্ঠিত হবে ‘একাডেমিয়া ডায়ালগ’। যেখানে শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকদের অংশগ্রহণে সমাজের সামগ্রিক প্রসারে সামাজিক ব্যবসার ভূমিকা নিয়ে আলোচনা হবে। এরপরই অনুষ্ঠিত হবে ‘থ্রি জিরো ক্লাব কনভেনশন’, যেখানে আলোচনা হবে, কীভাবে পৃথিবীতে কার্বন নিঃসরণ, সম্পদ ঘনীভূতকরণ ও বেকারত্বকে ‘জিরো’ করে ফেলা যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments